বাজারে পাওয়া যায় এমন এলইডি লাইটের ক্ষেত্রে আমি দুটো সমস্যা দেখতে পাই। এক, মাছির পুঞ্জাক্ষির মতো এলইডি বাল্ব বা টিউবে কিছুদিন পর কয়েকটা 'চোখ' মরে যায়। 'চোখ'গুলো আকারে আরো অনেক ছোট হলে এই সমস্যাটা চোখে কম পড়বে এবং আলোও অনেক স্মুদ হবে। দুই, এখনো এলইডি বাল্ব বা টিউবের দাম খুবই বেশি। দীর্ঘস্থায়িত্ব, স্বল্প বিদ্যুৎ খরচ ইত্যাদি যুক্তিগুলো বিদ্যমান থাকলেও দামের পার্থক্যটা এতো বেশি যে সাধারণ মানুষের (বাংলাদেশের কথা বলছি) বড় অংশের পক্ষে একবার কেনাও খুবই কষ্টসাধ্য। হয় ডায়োডের প্রযুক্তিতে আরো বড় ধরনের পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে, অথবা ডায়োড প্রযুক্তিকে মনোপলি (অলিগোপলি) করা জায়ান্টের (জায়ান্টদের) হাত থেকে মুক্ত করতে হবে। প্রাসঙ্গিক বিবেচনায় 'টেফলন'-এর কথা বলা যায়। পিটিএফই উৎপাদনের ক্ষেত্রে সারা বিশ্বব্যাপী অলিগোপলি থাকায় 'টেফলন' প্রডাক্টের দাম আজও সাধারণ মানুষের নাগালের বাইরে। অথচ টেফলন প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরো অনেক সহজ করতে পারে।